কলকাতা 

বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ, ভর্তি হাসপাতালে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অসুস্থ। কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর শরীরে বিষক্রিয়া রয়েছে বলে খবর।

জেলা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ রেখা তাঁর হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে সিসিইউ-তে ভর্তি করানো হয়েছিল রেখাকে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এর পরেই বিধায়ককে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রেখা। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। তাঁর খোঁজখবর নিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন।

সূত্রের খবর, রাতে যখন বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, রেখার জ্ঞান ছিল না। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। স্যালাইনও চলছিল। সেই অবস্থাতেই তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। অবস্থার কোনও উন্নতি হয়নি জেলার হাসপাতালে। কী ভাবে তাঁর শরীরে বিষক্রিয়া হল, কোন পরিস্থিতিতে বিধায়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, এখনও স্পষ্ট নয়। এ নিয়ে জেলা নেতৃত্বের কেউই মুখ খোলেননি। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মেডিক্যাল বুলেটিন দিয়ে অসুস্থতার কারণ জানাননি। পরিবারের পক্ষ থেকেও কারণ স্পষ্ট করা হয়নি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রেখা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ