আন্তর্জাতিক খেলা 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ

শেয়ার করুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র জয় শাহ। সোমবার সকালে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি-র বোর্ড এবং কমিটির বৈঠকের পর কেউ জয় শাহের দ্বিতীয় বার শীর্ষপদে বসানোয় আপত্তি জানাননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

আইসিসি জানিয়েছে, শাহের নেতৃত্বে আস্থা রয়েছে তাদের। ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলার উন্নতি, সমর্থকদের আস্থা এবং বাণিজ্যিক উন্নয়নের কথা মাথায় রেখে ধারাবাহিকতা বজায় রাখতেই শাহকে বেছে নেওয়া হয়েছে।

টানা দ্বিতীয় বার আইসিসি চেয়ারম্যান হওয়ার পর শাহ বলেছেন, “আইসিসি-র বোর্ড আমার উপর যে আস্থা এবং সমর্থন রেখেছে তাতে আমি আপ্লুত। আইসিসি-র চেয়ারম্যান হওয়া একই সঙ্গে সম্মান এবং বিরাট দায়িত্বের। সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে আমি দায়বদ্ধ।”

শাহ জানিয়েছেন, ক্রিকেটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং উত্তেজক মুহূর্তের সন্ধিক্ষণে তারা। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে। নতুন সমর্থক এবং নতুন প্রজন্মের কাছে ক্রিকেটকে পৌঁছে দিতে চান তিনি।

শাহ বলেছেন, “সফল প্রতিযোগিতা আয়োজন করা ছাড়াও আমাদের আরও দায়িত্ব রয়েছে। ক্রিকেটের জন্য শক্তিশালী এবং টেকসই ভবিষ্যৎ তৈরি করতে হবে যেখানে সমর্থক, ক্রীড়াবিদ, বাণিজ্যিক সহযোগী এবং অন্য অংশীদারদের দিকে বিশেষ নজর রাখতে হবে।”

শাহের সংযোজন, “আমার বরাবরের বিশ্বাস, ক্রিকেটের সবচেয় বড় শক্তি হল বহু মানুষকে কাছে আনা। বোর্ড এবং সদস্যের সাহায্যে ভাবনাকে কাজে লাগাতে চাই এবং নিশ্চিত করতে চাই, যাতে আগামী প্রজন্মের জন্য একটা ছাপ রেখে যেতে পারি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ