সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূলের এক্স হ্যান্ডল! রহস্য?
সাসপেন্ড হয়ে গেল ঋতব্রত তৃণমূলের এক্স হ্যান্ডল। সোমবার সকাল থেকে ঋতব্রত শিবিরের অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না এক্সে। সমাজমাধ্যমে তাদের হ্যান্ডলের পাতাটি খুললে ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’। নীচে লেখা আসছে, যে অ্যাকাউন্টগুলি এক্স-এর নিয়মবিধি মেনে চলে না, সেগুলিকে তারা সাসপেন্ড করে দেয়।
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস (ঋতব্রত শিবির)-এর অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার নেপথ্যে নির্দিষ্ট ভাবে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঋতব্রতপন্থীদের দাবি, কালীঘাট শিবিরই রিপোর্ট করে অ্যাকাউন্টটি সাসপেন্ড করিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের ভাঙন-পরবর্তী সময়ে দলের নাম এবং জোড়াফুল প্রতীক কোন শিবিরের হাতে থাকবে, তার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। আপাতত বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন। মমতা এবং ঋতব্রত শিবিরের দ্বন্দ্বের মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর রাতে একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, আপাতত দলের নাম হিসেবে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক জোড়াফুল ‘ফ্রিজ়’ করছে তারা।
পাল্টা দিয়েছেন কালীঘাট শিবিরের বিধায়ক আলিফা আহমেদও। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সঙ্গে মমতা তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি আলিফার। ঋতব্রত শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “ওরা তো বিজেপি পরিচালিত সরকারের বি টিম। আমরা এ ধরনের কাজ করেছি কি না, তা রাজ্য সরকারের পুলিশ দিয়ে তদন্ত করে দেখতে বলুন ওদের। আমরাই প্রকৃত বিরোধী। আমরাই সব জায়গায় লড়াই করছি— সমাজমাধ্যম থেকে সর্বত্র। আমরাই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া-সহ বিভিন্ন সমস্যায় পড়ছি। আমাদের প্রয়োজন নেই ওদের মতো বিজেপি বা রাজ্য সরকারের বি টিমের কোনও অ্যাকাউন্ট সাসপেন্ড করার জন্য রিপোর্ট করানোর।”

