খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটাররা ফের এনুমারেশন ফর্ম জমার সুযোগ পাবেন, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন
এনুমারেশন ফর্ম জমা না-দেওয়ার জন্য যে সমস্ত ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা ফের এটি জমা করার সুযোগ পাবেন। শনিবার সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু ও বিবেক জোশী। বর্তমানে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, কেবল সেই সমস্ত রাজ্যের বাদ পড়া ভোটারেরাই এই সুযোগ পাবেন।
গত ২৮ অক্টোবর দিল্লির এসআইআর সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনকে নাম বাদ পড়া ভোটারদের কাছে পৌঁছোনোর পরামর্শ দিয়েছিল। মূলত অনুপস্থিত কিংবা অন্য ঠিকানায় স্থানান্তরিত হওয়ার কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের কাছে কী ভাবে পৌঁছোনো সম্ভব, তার উপায় খুঁজতে বলা হয় কমিশনকে। তার পরেই গত ৬ নভেম্বর যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে, সেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-দের চিঠি দেয় কমিশন।
ওই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে খসড়া তালিকা বাদ পড়া ভোটাররা নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) কিংবা সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (এইআরও)-র কাছে এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট ভোটার নিজে গিয়ে কিংবা পরিবারের সদস্যদের মাধ্যমে ইআরও কিংবা বিএলও-র কাছে ফর্ম জমা করতে পারবেন। অনলাইনে ইসিআইনেট পোর্টালে গিয়েও ফর্ম জমা দেওয়া যাবে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারেরা এনুমারেশন ফর্মে তাঁদের বর্তমান ঠিকানা উল্লেখ করতে পারবেন। যাঁদের ঠিকানা বদলায়নি, তাঁদের এনুমারেশন ফর্মের সঙ্গে অতিরিক্ত একটি বিবৃতি (অ্যানেক্সচার-বি) জমা দিতে হবে। কেন তাঁরা আগে এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি, ওই বিবৃতিতে তার কারণ ব্যাখ্যা করতে হবে।
অন্য দিকে, একই রাজ্যের মধ্যে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, এমন ভোটারদের ক্ষেত্রে ফর্ম ৮ জমা দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যানেক্সচার-সি জমা দিতে হবে। সেখানে নতুন ঠিকানা এবং বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি, নতুন ঠিকানার প্রমাণপত্র-সহ নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট এলাকার ইআরও কিংবা এইআরও-র কাছে।
কমিশনের হলফনামায় বলা হয়েছে, খসড়া তালিকায় না-থাকা ভোটারদের নাম সম্ভাব্য কোন কারণে বাদ পড়েছে, তা জানিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা দেখে এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা। ওই ফর্ম খতিয়ে দেখে ইআরও নির্বাচনী নিবন্ধন আইন মেনে যোগ্য ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় তুলবেন।
দিল্লি-সহ যে সাতটি রাজ্যে এখন এসআইআর চলছে, সেখানে কমিশন আগেই জানিয়েছে, যাঁরা ভুলবশত অনুপস্থিত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ও মৃত (এএসডিডি) তালিকায় পড়েছেন, তাঁদের নতুন ভোটার হিসেবে নাম তুলতে ফর্ম-৬ পূরণ করতে হবে না। এনুমারেশন ফর্ম পূরণ করেই তাঁরা নাম তোলার আর্জি জানাতে পারবেন। দিল্লিতে কেন ভোটার তালিকা থেকে বাদ পড়াদের ফর্ম-৬ ভরানো হচ্ছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট কমিশনের কাছে প্রশ্ন তুলেছিল। তার পরেই কমিশন নিয়ম বদলায়।

