কলকাতা 

বরাহনগরের ফ্ল্যাটে অঞ্জলি খুনের সূত্র কি লুকিয়ে পাবজিতেই?

শেয়ার করুন

দেড় বছর আগে যক্ষ্মা ধরা পড়েছিল অঞ্জলি সাউয়ের। সেই সময়ই তিনি পাবজি গেমে আসক্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার থানায় গিয়ে এমনটাই দাবি করলেন অঞ্জলির বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউ। অঞ্জলির খুনের তদন্তে নেমে এই পাবজি খেলার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁদের একাংশের মতে, বরাহনগরের ফাঁকা ফ্ল্যাটে তরুণীর খুনের সূত্র লুকিয়ে থাকতে পারে অনলাইন গেমে। এমনকি, সেই নিয়ে ইঙ্গিত দিয়েছেন মৃতার বাবাও।

অঞ্জলির বাবার দাবি, মেয়েকে বহু বার পাবজি খেলতে বারণ করেছিলেন তাঁরা। কিন্তু কথা শোনেননি ২৬ বছরের তরুণী। তাঁর অভিযোগ, গেম খেলার সূত্রে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল অঞ্জলির। এমনকি, সেই গেমের সূত্রেই কোনও এক যুবক তাঁকে বিশেষ সাধনার কথা বলেছিলেন বলে দাবি করেছেন রাজেন্দ্র। সেই কারণেই অঞ্জলি দিদির ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন, থানায় মৃতার বাবা তেমনই জানিয়েছেন বলে খবর। অনলাইন গেমের সূত্রে পরিচয় হয়েছিল, এমন কোনও ব্যক্তির সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যে ফ্ল্যাটে অঞ্জলির দেহ মিলেছে, সেটি ছিল তাঁর দিদি, জামাইবাবুর। কর্মসূত্রে তাঁরা থাকতেন হুগলির শ্রীরামপুরে। মাঝেমধ্যে বরাহনগরের সেই ফ্ল্যাটে থাকতেন অঞ্জলি। তাঁদের নিজেদের বাড়ি বরাহনগরের অদূরে ডানলপ এলাকায়।

তরুণীর মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মোবাইল থেকে পাঠানো রহস্যজনক মেসেজ এবং পাবজি খেলার সূত্র ধরেই এখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। ফোনের অবস্থান জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

অঞ্জলির দেহ মঙ্গলবার রাতে যে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়, সেখানে ছিল না তাঁর মোবাইল। সেটি এখনও পাওয়াও যায়নি। বুধবার দুপুর ২ টো ৩৮ মিনিটে ২৬ বছরের তরুণীর সেই মোবাইল থেকে একটি মেসেজ যায় তাঁর বাবার মোবাইলে। তাতে লেখা ছিল ‘হাই’! বৃহস্পতিবার থানায় গিয়ে সেই মেসেজই পুলিশকে দেখিয়েছেন মৃত তরুণীর বাবা।

পুলিশ সূত্রে খবর, রাজেন্দ্র থানায় জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ অঞ্জলির মোবাইল থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল। তাতে লেখা ছিল, ‘‘হামকো লে যাও। হম ফাঁস গয়ে বারিষমে (আমায় নিয়ে যাও। আমি বৃষ্টিতে আটকে পড়েছি)।’’ তদন্তকারীদের একাংশ মনে করছে, ওই মেসেজটি যখন অঞ্জলির মোবাইল থেকে এসেছিল, তার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তা হলে তরুণীর মোবাইল থেকে কে মেসেজ করলেন? হত্যার সঙ্গে যিনি যুক্ত, তিনিই কি ওই মেসেজ করেছেন? পরিবারের সদস্যদের বিভ্রান্ত করার জন্যই সেই মেসেজ করা হয়েছিল না কি, নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? এই প্রশ্নগুলির জবাবই খোঁজা হচ্ছে বলে খবর।

অঞ্জলির বাবার দাবি, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করেন এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে। তাঁর এক আত্মীয়ের মোবাইলেও হুমকি মেসেজ এসেছে বলে দাবি করেছেন তিনি। কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন রাজেন্দ্র। ২০২১ সালে ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। অঞ্জলির বাবার এই দাবিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ