কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দফায় দফায় বুলডোজার অভিযান!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দফায় দফায় বুলডোজ়ার অভিযান! বৃহস্প়তিবার সকালের পর বেলাতেও চলল অভিযান। বেলা ১১টা নাগাদ অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে থাকা একটি শহিদবেদি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। শহিদবেদিটিও ফুটপাত দখল করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।

শহিদবেদিতে থাকা দু’টি লোহার দণ্ড থেকে প্রথমে তৃণমূলের জোড়াফুল প্রতীক দেওয়া পতাকা খুলে সেগুলি ভাঁজ করে রাখা হয়। তার পর বুলডোজ়ার দিয়ে সিমেন্টের বেদি, তার উপর থাকা দু’টি লৌহদণ্ড এবং চারধারে থাকা লোহার বেষ্টনী ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার সকালেই তৃণমূল সাংসদের বাড়ির সামনে ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী কাঠামো বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়। অস্থায়ী ওই শেড (ছাউনি) ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়ে ফেলেন কলকাতা পুরসভার কর্মীরা।

অভিষেকের বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে আরও একটি লোহার গেট বসানো ছিল এত দিন। ওই লোহার গেটটিও সরিয়ে ফেলা হয়। গ্যাস কাটার দিয়ে কাটা হয় সেটি। অভিযোগ, ফুটপাত দখল করে এই লোহার গেটটি বসানো হয়েছিল।

বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই ঘটনার নিন্দা করেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি লেখেন, “হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” বিজেপিকে ‘বাংলাবিরোধী’ এবং ‘বহিরাগত’ বলেও খোঁচা দেন তিনি। লেখেন, “কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক। আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”

অভিষেকের বাড়ির সামনে শহিদবেদি ভাঙা প্রসঙ্গে মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “শহিদবেদিতে আমরা শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করি। আর সেটা ভাঙতে বুলডোজ়ার আনতে হচ্ছে। রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে বটে! মানুষের ভোটে তো আর আসেনি। প্রতিহিংসাপরায়ণতা থেকে এই সমস্ত কাজ করছে। মানুষ সব দেখছে। তারাই সব বিচার করবে।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ