কলকাতা 

অভিষেকের জন্মদিন পালন ঘিরে অশান্তি, তদন্তে গোয়েন্দারা, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে গোলমাল এবং পুলিশকে হেনস্থার ঘটনায় এ বার তদন্ত চালাবে লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উপর দেওয়া হচ্ছে তদন্তভার। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছেন। মঙ্গলবার সকালে তাঁদের নিয়ে অকুস্থলে পৌঁছোয় পুলিশ। চলে ঘটনার পুনর্নির্মাণ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচি ঘিরে গত শুক্রবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কালীঘাটে। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, এমনকি সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতের ওই গোলমাল এবং বিশৃঙ্খলার ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা রুজু হয় কালীঘাট থানায়। তার মধ্যে দু’টি ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। একটি মামলা রুজু হয় গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে। অভিষেক-সহ ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিষেকও অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনের বিরুদ্ধে অভিযোগ জানান। তার ভিত্তিতেও একটি মামলা রুজু করে পুলিশ।

শুক্রবার রাতের ওই ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে— মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, তিন জনই তাদের শিবিরের লোক। ধৃতদের মধ্যে শ্রীদীপকে ধরা হয়েছে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায়। গুড়িয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন অপর দু’জন। অভিষেকের অভিযোগের প্রেক্ষিতে রুজু হওয়া এফআইআরের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কেউ ধরা পড়েননি।

গত রবিবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার সকালে তিন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। তার জন্য এলাকায় মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মীও। কড়া পুলিশি প্রহরায় তিন জনকে নিয়ে চলে ঘটনার পুনর্নির্মাণ।

কালীঘাটে শুক্রবার রাত থেকে দফায় দফায় স‌ংঘর্ষ ঘটে। সূত্রের খবর, মাঝরাতে অভিষেকের জন্মদিন পালনের জন্য জড়ো হয়েছিলেন বহু তৃণমূল নেতা-কর্মী। সেই অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এমনকি মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ