এসএফআইয়ের বুক স্টলে হামলা! আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম!
বাংলার জনরব ডেস্ক : এবার কালী পুজোতে ও বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে নানা জায়গায়। বাঁকুড়ায় এসএফআই য়ের বুক স্টলে ভাঙচুর হয়েছে আর এই ভাঙচুর আটকাতে গিয়ে আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। তিনি আবার বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক। অভিযোগ, শারীরিক হেনস্থার পাশাপাশি প্রৌঢ়া ওই বাম নেত্রীর মোবাইল ছুড়ে ভেঙে দেন আক্রমণকারীরা। সোমবার ওই নিয়ে শোরগোল শুরু এলাকায়। আঙুল উঠেছে বিজেপি এবং আরএসএসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা।
বাঁকুড়া শহরের স্কুলডাঙায় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে বুকস্টল করেছিল এসএফআই। অভিযোগ, সোমবার দুপুরে আচমকা সেখানে হামলা চালান চার-পাঁচ জন। এসএফআই কর্মীদের ধমকানো হয়। তার পর স্টলের যাবতীয় বই ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য প্রয়াত সুদীপ্ত গুপ্তের ছবি টাঙানো হয়েছিল স্টলে। সেটাও খুলে ফেলে তাতে লাথি মারা হয় বলে অভিযোগ। ওই সময় আক্রমণকারীদের বাধা দিতে যান বাম আমলে রাজ্যের মন্ত্রী তথা বর্তমানে সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা। কিন্তু হামলাকারীরা তাঁকেও শারিরীক ভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ।
এসএফআইয়ের তরফে বলা হয়েছে, দুপুর ২টো নাগাদ বুকস্টলে হাতেগোনা কয়েকজন কর্মী বসেছিলেন। সেই সময় ‘বিজেপি এবং আরএসএসের’ লোকজন গিয়ে তাঁদের গালাগালি দেন। প্রতিবাদ করলে বুকস্টলের চেয়ার-টেবিল ভেঙে দেন আক্রমণকারীরা। খানিকক্ষণের মধ্যে পুরো বুকস্টল ভেঙে দেওয়া হয়। তখন দেবলীনা দলীয় কার্যালয়েই ছিলেন। তিনি গোলমালের শব্দ শুনে বেরিয়ে আসেন। অভিযুক্তদের বাধা দিতে গিয়ে হেনস্থার শিকার হন।
কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশবাহিনী। তাদের বেশ খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বামেদের অভিযোগ, এই হামলা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা। এসএফআই নেতা মৌসম নন্দীর মন্তব্য, ‘‘বিনা প্ররোচনায় পরিকল্পিত ভাবে বিজেপি এবং আরএসএসের লোকজন আমাদের বুকস্টলে হামলা চালিয়েছে।’’ তাঁর এ-ও অভিযোগ, ভাঙচুরের সময় থানায় ফোন করা হয়েছিল। কিন্তু পুলিশ আসে ভাঙচুর হয়ে যাওয়ার অনেক পরে। এসএফআই নেতা বলেন, ‘‘আমাদের স্টলের বইপত্র ছড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। শহিদ সুদিপ্ত গুপ্তের ছবিতে ওরা লাথি মেরেছে। এই ঘটনার বিচার না পেলে আগামিদিনে থানা ঘেরাও করা হবে।’’
‘আক্রান্ত’ প্রাক্তন মন্ত্রী দেবলীনা বলেন, ‘‘সারা রাজ্যে বামেদের বুকস্টলে হামলা হচ্ছে। সেই একই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা চালানো হয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকে হেনস্থা করা হয়েছে। মোবাইল ছুড়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।’’
বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের রাজ্য নেতা সৌগত পাত্রের কটাক্ষ, ‘‘সিপিএম সারা রাজ্যে শূন্য হয়ে যাওয়া একটি দল। ওই দলের লোকজনই নেই। এখন বিজেপি-র নামে মিথ্যা অভিযোগ করে প্রচারের আলোয় আসতে চাইছে।’’

