কলকাতা 

নাগেরবাজারের হোস্টেল থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের দেহ!

শেয়ার করুন

নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃতের নাম অভিজিৎ সরকার (২৮)। মৃত্যুর আগে নিজের হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে তিনি লিখেছিলেন, “আমি আর পেরে উঠছি না।” প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, তা মানতে নারাজ মৃতের পরিবার। ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিজিৎ নদিয়ার মাঝেরগ্রামের সাপজলার বাসিন্দা। ২০১৮ ব্যাচের ছাত্র অভিজিৎ ২০২৪ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ২০২৫ সালে হাউসস্টাফশিপ সম্পন্ন করেন। কর্মসূত্রে নাগেরবাজার এলাকার একটি হস্টেলে থাকতেন। পরিবারের দাবি, রবিবার বিকেল ৪টে নাগাদ হস্টেলের তরফে বাড়িতে ফোন করে জানানো হয়, অভিজিৎ আত্মহত্যা করেছেন এবং ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন অভিজিৎ। ওই সব পোস্ট দেখে পরিবারের সন্দেহ, কোনও কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণ চিকিৎসক। তবে ঠিক কী কারণে বা কাদের ভয়ে তিনি এমন আতঙ্কে ছিলেন, সে বিষয়ে পরিবারের কাছেও স্পষ্ট কোনও তথ্য নেই। অভিজিতের পরিজনদের দাবি, তিনি আত্মহত্যা করতে পারেন না, তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এই মর্মে অভিযোগ দায়ের করতে নাগেরবাজার থানায় পৌঁছেছেন পরিবারের সদস্যেরা।

অন্য দিকে, সহপাঠীর রহস্যমৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকেরাও। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা চিকিৎসক পুলস্ত্য আচার্য জানান, দীর্ঘ বেশ কিছু দিন ধরেই ফেসবুকে নিজের এবং পরিবারের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে পোস্ট করছিলেন অভিজিৎ। পুলস্ত্য বলেন, “আমরা এখনও ঘটনার সঠিক কারণ জানি না। পরিবারের সদস্যদের সঙ্গেও সে ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওঁর ব্যাচের কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলে জেনেছি, ও কিছুটা অবসাদে ভুগছিল এবং পড়াশোনার চাপও ছিল।” তাঁর সংযোজন, “পুলিশ এবং আইনকেই এর কার্যকারণ বার করতে হবে। এই রহস্যজনক মৃত্যুর পিছনে সত্যিই কোনও ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খুঁজে বার করার দায়িত্ব পুলিশ-প্রশাসনের। এনআরএসের সমস্ত ছাত্রছাত্রী চান সত্যিটা সামনে আসুক এবং সঠিক পথে তদন্ত হোক।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ