পড়ুয়ার সংখ্যা ৫০ এর কম হলেই, পার্শ্ববর্তী হাইস্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের, চলছে সমীক্ষা
পড়ুয়াসংখ্যা কম, অথচ স্কুল চালাতে খরচ হচ্ছে সরকারি কোষাগারের টাকা। এই পরিস্থিতিতে কম সংখ্যক পড়ুয়া থাকা উচ্চপ্রাথমিক স্কুলগুলিকে আশপাশের হাই স্কুল বা উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গে সংযুক্ত করার ভাবনা শুরু করল রাজ্য স্কুলশিক্ষা দফতর। সম্প্রতি রাজ্যের সব জেলা স্কুল পরিদর্শকদের এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁরা সমীক্ষা করে দফতরে রিপোর্ট দেবেন।
দফতরের এক কর্তা জানান, বিষয়টি একেবারেই ভাবনাচিন্তার স্তরে রয়েছে। সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁর দাবি, এমন বেশ কিছু স্কুলের খবর পাওয়া গিয়েছে, যেখানে পড়ুয়ার সংখ্যা ৫০-এরও কম। ফলে ওই স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যথাযথ ব্যবহার এবং সরকারি অর্থের সঠিক প্রয়োগ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঠিক ভাবে ব্যবহার করা এবং সার্বিক ভাবে একটি স্কুলের আওতায় বাকি পড়ুয়াদের নিয়ে আসতে উদ্যোগী হয়েছে সরকার। সে ক্ষেত্রে উচ্চপ্রাথমিক স্কুলগুলি বন্ধ করে এক ছাতার তলায় নিয়ে আসা হবে। তবে নিকটবর্তী উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গেই সংযুক্ত করতে হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
অভিযোগ, বহু ক্ষেত্রে অবৈজ্ঞানিক ভাবে স্কুল করা হয়েছিল। তার ফলেই পড়ুয়া ও শিক্ষকের অনুপাতে গোলমাল হয়েছে। দফতরের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত এই সংযুক্তিকরণ ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন মেনে করা হচ্ছে। কারণ স্কুল বন্ধ হলেও পড়ুয়ারা পাশের কোনও স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে। বাড়ি থেকেও বেশি দূরে যেতে হচ্ছে না। জেলা স্কুল পরিদর্শকদের বলা হয়েছে যাতে তাঁরা দেখে নেন কাছাকাছি কোনও মাধ্যমিক বা উচ্চনমাধ্যমিক স্কুল রয়েছে কি না। তার পর পর্যালোচনা করা হবে।
প্রথমত যে স্কুলে পড়ুয়া ৫০ এর কম তার নাম ও অবস্থান, কত পড়ুয়া রয়েছে, সেখানে কত জন শিক্ষক কর্মরত, স্কুলটির ইউডাইস কোড কী, কোন ব্লক ও সার্কেলের অন্তর্গত তা উল্লেখ করতে হবে। পাশাপাশি কোন হাইস্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপ্রাথমিক স্কুলটিকে সংযুক্ত করা যেতে পারে, সেই প্রস্তাবও দিতে বলা হয়েছে। প্রস্তাবিত স্কুল দু’টির মধ্যে দূরত্ব কত, সেটিও রিপোর্টে উল্লেখ করতে হবে। অর্থাৎ, শুধুমাত্র পড়ুয়া সংখ্যা নয়, স্কুলের অবস্থান, পরিকাঠামো এবং শিক্ষক-শিক্ষাকর্মীদের সংখ্যার মতো বিষয়গুলিও বিবেচনায় রাখা হচ্ছে।
তবে শিক্ষক সংগঠনগুলি এই সংমিশ্রণের বিরোধিতা করছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, সব স্কুল যে অবৈজ্ঞানিক ভাবে গড়ে উঠেছিল, তা নয়। বাম আমলে নিয়ম মেনেই স্কুল করা হয়েছিল। কিন্তু গত ১৫ বছরে শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলি বেহাল। অভিভাবকরাও আর ওই সব স্কুলকে ভরসা করতে পারেননি। তিনি বলেন, ‘‘আশা করেছিলাম এই সরকার স্কুলগুলিকে নতুন ভাবে শুরু করতে উদ্যোগী হবে। তা না করে স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার পথ তৈরি হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।’’
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর প্রস্তাব, যে সব বিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুললে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেগুলিকে রেখে প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা করা হোক। কারণ উচ্চ প্রাথমিক স্কুল তৈরির মূল উদ্দেশ্য ছিল, যেসব এলাকার ছাত্রছাত্রীদের এক কিলোমিটারের বেশি দূরে যেতে হয়, সেখানে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। সেটা যেন কোনও ভাবে বিঘ্নিত না হয় সরকারের সেটাও নজর দেওয়া প্রয়োজন।
সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

