গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কলকাতায় AWEIL-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি : অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস গান অ্যান্ড শেল ফ্যাক্টরি (GSF), কলকাতায় ১ অক্টোবর, ২০২৬ তারিখে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো।
ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠনের অংশ হিসেবে ১ অক্টোবর, ২০২১ তারিখে AWEIL প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল কার্যগত স্বায়ত্তশাসন বৃদ্ধি, দক্ষতা উন্নত করা এবং নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করা। AWEIL ভারতীয় সশস্ত্র বাহিনী, দেশীয় বেসামরিক ব্যবহার এবং রপ্তানির জন্য বিভিন্ন ধরনের ছোট ও বড় ক্যালিবারের অস্ত্র উৎপাদনে বিশেষভাবে নিয়োজিত।
AWEIL-এর অধীনস্থ একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান গান অ্যান্ড শেল ফ্যাক্টরি , ভারতের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির মধ্যে প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান। ২২০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য বহনকারী গান অ্যান্ড শেল ফ্যাক্টরি প্রতিরক্ষা উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে তার উৎকর্ষতার জন্য সুপরিচিত।
এই বিশেষ দিনে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মাননীয় মুখ্য মহাপ্রবন্ধক শ্রী সুবীর কুমার সাহা গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মশাল প্রজ্বলন করেন এবং AWEIL-এর পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে মুখ্য মহাপ্রবন্ধকসহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা “আত্মনির্ভর ভারত”-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ মানের গুণমান ও উৎপাদন দক্ষতা বজায় রাখার লক্ষ্যে গান অ্যান্ড শেল ফ্যাক্টরির চলমান বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
শ্রী সাহা উৎপাদন ক্ষেত্রে কর্মীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণেরও প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি প্রচলিত পরিদর্শনমূলক কার্যক্রম থেকে রূপান্তরিত হয়ে গুণমান নিশ্চিতকরণ ও ধারাবাহিক উন্নয়নের একটি সমন্বিত ব্যবস্থায় পরিণত হয়েছে। এর ফলে সমগ্র উৎপাদন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুণমানকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে।
গুণমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এবং উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, AWEIL-এর পক্ষ থেকে গান এন্ড শেল ফ্যাক্টরিরকে শ্রেষ্ঠ গুণমান নিয়ন্ত্রক পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।

