ইডির ফের তলব ইন্দ্রনীল সেনকে !
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সিজিও কমপ্লেক্সে আরও এক বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ইন্দ্রনীলকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা।
ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাস বিক্রি নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ‘ভুয়ো’ পাস বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। এ বিষয়ে তদন্তের সূত্রে গত মঙ্গলবার ইন্দ্রনীলের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। তাঁর কসবার বাড়িতেও তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। এ ছাড়া, হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীলের বাগানবাড়িতে তল্লাশি করা হয়। তাঁর সহযোগীদের ঠিকানাতেও যায় ইডি। এর পর বুধবার তাঁকে বিশদে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সিজিও কমপ্লেক্সে।
বুধবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন ইন্দ্রনীল। বেরোন রাত সাড়ে ৮টার পর। দফতরে প্রবেশ বা প্রস্থানের সময় সংবাদমাধ্যমের সামনে তিনি মুখ খোলেননি। তার পরেই জানা গেল, ফের আগামী সপ্তাহে ইন্দ্রনীলকে তলব করা হয়েছে।
অভিযোগ শুধু ইন্দ্রনীলের বিরুদ্ধে নয়, তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধেও। দুর্গাপুজো নিয়ে তাঁরা বেআইনি ভাবে ব্যবসা চালাচ্ছিলেন বলে থানায় অভিযোগপত্রে দাবি করেছেন জনৈক জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর দাবি, দুর্গাপুজোর নামে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির জন্য উদ্যোগী হয়েছিলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রী। সেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয় বলে অভিযোগ। প্রচারে দেখানো হয়েছিল, এই কর্মসূচির সঙ্গে সরাসরি ইউনেস্কোর যোগ বা এতে ইউনেস্কোর অনুমোদন রয়েছে। কিন্তু বাস্তবে ইউনেস্কো এমন কোনও বাণিজ্যিক চুক্তিই করেনি বলে অভিযোগ। সেই মামলার সূত্র ধরেই ইডি তদন্ত শুরু করে।

