দক্ষিণ দমদমে যুব উৎসব, মক পার্লামেন্টে ভবিষ্যতের রাজনীতির প্রতিচ্ছবি
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর এবং দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে পৌরসভার অন্তর্গত স্কুলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হল যুব উৎসব। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলে আয়োজিত এই উৎসবে দক্ষিণ দমদম অঞ্চলের সাতটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কুইজ, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা এবং রচনা লেখার মতো বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মক পার্লামেন্ট।
বর্তমান রাজনৈতিক ও সংসদীয় ব্যবস্থার আদলে আয়োজিত এই মক পার্লামেন্টে ছাত্রছাত্রীরা নিজেদের আগামী দিনের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে তুলে ধরার সুযোগ পায়। সংসদীয় বিতর্ক, মতামত প্রকাশ এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। আগামী দিনের রাজনৈতিক নেতৃত্বের সম্ভাব্য প্রতিফলন হিসেবেই এই মক পার্লামেন্টকে দেখছেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার এক্সিকিউটিভ অফিসার লাভলী মুখার্জি এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক মিতা দাস। অনুষ্ঠানে দক্ষিণ দমদম এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
এরপর স্কুলের বিভিন্ন কক্ষে একে একে অনুষ্ঠিত হয় কুইজ, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা এবং রচনা লেখার প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতাতেই ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই মক পার্লামেন্টে অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে ছিল কিশোর ভারতী, কে কে হিন্দু অ্যাকাডেমি, মতিঝিল গার্লস, দমদম আদর্শ বিদ্যামন্দির, লেকটাউন মাল্টিপারপাস বিদ্যালয়, নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল এবং অরবিন্দ বিদ্যামন্দির।
শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, যুক্তিবোধ, বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং নেতৃত্বের গুণ বিকাশের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে তাঁদের পরিচয় ঘটানোই এই যুব উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে মক পার্লামেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে অভিজ্ঞতা অর্জন করল, তা ভবিষ্যতে তাঁদের নাগরিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ছিনিয়ে নিল দমদম কিশোর ভারতী হাই স্কুল (এইচ.এস.) এবং রানার্স হয়েছে দমদম মতিঝিল গার্লস হাই স্কুল (এইচ. এস.)। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন সহকারী বিদ্যালয় পরিদর্শক মিতা দাস।

