দেশ 

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁস! নাটকীয় ভাবে সামনে এলো ঘটনাটি!

শেয়ার করুন

এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ভাঙতেই প্রকাশ্যে এল মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন এমপিএসসির তিন আধিকারিকও।

পুলিশ সূত্রে খবর, ওই পরীক্ষায় বসেছিলেন ঋতুজা পাটিল। তদন্তকারী সূত্রের দাবি, ঋতুজার বাবা অমৃত পাটিল পরীক্ষার প্রশ্ন কিনেছিলেন। অভিযোগ, নন্দুরবাড়ে এক কোচিং সেন্টারের মালিক প্রবীণ পাটিলের কাছ থেকে নিজের কন্যা ঋতুজার জন্য সেই প্রশ্নপত্র কেনেন অমৃত। প্রাথমিক ভাবে ৫ লক্ষ টাকা লেনদেন হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। মোট ১২ লক্ষ টাকার রফা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।

তদন্তকারী সূত্রের খবর, ঋতুজার প্রেমিক গৌরব পাটিলও এমপিএসসি-র পরীক্ষার্থী ছিলেন। অভিযোগ, প্রশ্নপত্র পাওয়ার পর সেটি প্রেমিককে দেন ঋতুজা। দু’জনেই পরীক্ষায় বসেন। গত ২২ মার্চ পরীক্ষা ছিল ড্রাগ ইনস্পেক্টর পদের জন্য। পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায় ঋতুজা পাশ করেছেন, কিন্তু গৌরব পাশ করতে পারেননি। আর এখান থেকেই টানাপড়েন শুরু হয়। দু’জনের মধ্যে বিষয়টি নিয়ে বচসা হয়। সেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, দু’জনের সম্পর্কই ভেঙে যায়।

তদন্তকারী সূত্রের খবর, প্রেমিকার সরকারি চাকরি হবে, এটা মেনে নিতে পারছিলেন না গৌরব। প্রেমিকাকে ‘উচিত শিক্ষা’ দিতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে সেই অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। তত ক্ষণে তদন্ত শুরু হয়ে গিয়েছিল। তদন্তে উঠে এসেছে, পরীক্ষার আগেই গোপনে কিছু প্রশ্ন বিক্রি করা হয়েছিল। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ২০২৪ সালের মহারাষ্ট্র কম্পিটিটিভ এগ্‌জামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন এবং ১৯৮৮-র দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এমপিএসসি-র তিন আধিকারিক বিশ্বেশ্বর দত্তাত্রেয় নাকাতে, অভিজিৎ গণপতরা লেন্ডভে এবং গোপাল ভাট্টু মরাঠে। এ ছাড়াও গ্রেফতার হয়েছেন, কোচিং সেন্টারের মালিক প্রবীণ, ঋতুজার বাবা, এবং তাঁর প্রেমিক গৌরব। সকলকেই আদালতে পেশ করা হয়। ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এমপিএসসি ড্রাগ ইনস্পেক্টর পদের পরীক্ষা বাতিল করে দেয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ