কলকাতা 

ক্যামাক স্ট্রিট দফতরে তৃণমূলের বিলবোর্ড খুলতে গেল পুরসভা, ও পুলিশ,এত ভয় কেন? অভিষেকের তোপ শুভেন্দুকে!

শেয়ার করুন

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খুলে নিতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তা নিয়ে অভিষেকের সঙ্গে তাঁদের বচসা হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। সেখান থেকেই বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক।

তৃণমূল সাংসদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভয় পেয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর দফতরের বিলবোর্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুরসভা। অভিষেক বলেন, ‘‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। বিজেপির এত ভয় কেন? তৃণমূলকে মিটিং-মিছিলের অনুতি দেব না। নেতাদের আক্রমণ করব, পার্টি অফিস ভাঙব, বিলবোর্ড ভাঙব— এত ভয়? শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমরা ঘাসফুল। ঘাস যত কাটবে, ততই বাড়বে।’’

ক্যামাক স্ট্রিটের ওই এলাকায় অনেক দোকানের উপর ফুটপাতে অনেক বিলবোর্ড রয়েছে বলে জানান অভিষেক। অভিযোগ, অন্য কোনও বোর্ডই খোলা হচ্ছে না। কেবল তাঁর দফতরেই পুরসভা বোর্ড খুলতে চায়। তাঁর কথায়, ‘‘ফুটপাতের উপর এত0 বোর্ড লাগানো আছে। কেউ সেটা খুলবে না। যাঁরা এত দিন ধরে একের পর এক অবৈধ বিল্ডিং তৈরি করেছে— সকলের সাত খুন মাফ। কারণ, তাঁরা এখন বিজেপির হাতে তামাক খাচ্ছেন। পুলিশের এই আচরণ, গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা হাই কোর্টে মামলা করব। সংবিধানের বাইরে কেউ নয়।’’

সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফেই অভিষেকের দফতরের বিলবোর্ডটি নিয়ে পুরসভায় অভিযোগ জানানো হয়। বলা হয়, ওই বিলবোর্ড অবৈধ ভাবে লাগানো হয়েছে। তার ভিত্তিতেই পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে যান। খবর পেয়ে অভিষেকের পাশাপাশি সেখানে পৌঁছে যান বৈশ্বানর চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। অভিষেকের অভিযোগ, যে নির্দেশের কপি পুরসভা থেকে নিয়ে আসা হয়েছে, তা বৈধ নয়। বৈধ হলে সেখানে ছবি থাকার কথা। এর পরেই সংশোধিত নির্দেশের কপি নিয়ে আসতে পুর আধিকারিকেরা ফিরে যান। অভিষেকদের বিরুদ্ধে পুরসভা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ