দেশ 

দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের বাইরে চলল বুলডোজ়ার!

শেয়ার করুন

দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের বাইরে যে ব্যারিকেড এবং অস্থায়ী নির্মাণ ছিল, তার একাংশ বুলডোজ়ার চালিয়ে ভেঙে ফেলা হল বৃহস্পতিবার। পিটিআই-কে সরকারি একটি সূত্র জানিয়েছে, অনুমতি ছাড়াই হাই কমিশনের সীমানার ওই অংশটি তৈরি করা হয়েছিল। সে কারণেই এই পদক্ষেপ। তিন দিন আগেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের সামনে নিরাপত্তার জন্য দেওয়া ব্যারিকেড, পার্কিংয়ের খুঁটি সরিয়ে দিয়েছে পাকিস্তান।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সম্প্রতি শ্রীনগর সফরে গিয়ে মন্তব্য করেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ অংশ জম্মু ও কাশ্মীর’। বুধবার পাকিস্তানের মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে তলব করে ইসলামাবাদ। তার পরের দিন, বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিল্লির চাণক্যপুরীতে পাকিস্তানের হাই কমিশনের সামনের রাস্তায় ব্যারিকেডের একাংশ ভেঙে ফেলা হল। ভিসা কেন্দ্রের বাইরে ভিড় সামলানোর জন্য যে ব্যবস্থাপনা ছিল, তার একাংশও ভেঙে ফেলা হয়েছে।

কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, পাকিস্তানের হাই কমিশনের সামনে ভাঙা কিছু ধাতব রেলিং, খোয়া, সিমেন্টের চাঁই পড়ে রয়েছে। ভেঙেচুরে পড়ে রয়েছে ফটকের অংশ। অস্থায়ী একটি চাল এবং সাদা রেলিংয়ের একাংশও ভেঙে ফেলা হয়েছে। ভেঙে গিয়েছে ভিসা প্রদানকেন্দ্রের জানলার আশপাশের অংশ। সেই ভগ্নস্তূপেই দাঁড়িয়ে থাকা জানলাগুলিতে লেখা— ‘উইন্ডো ১’, ‘কেবলমাত্র পাকিস্তানি পাসপোর্ট’, ‘উইন্ডো ৫ (ভিসার আবেদন সংগ্রহ করা হয়)’।

তবে পাকিস্তানি হাই কমিশনের প্রবেশের মূল পথ, সেখানকার গম্বুজাকার নির্মাণ, ধাতব ফটকে বসানো পাকিস্তানের প্রতীক অক্ষত রয়েছে।

২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতর বেড়েছে। সেই হামলায় নাম জড়ায় পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর। তার পরেই সিঁদুর অভিযান চালিয়ে সেখানকার জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। সেই আবহে সিন্ধু চুক্তিও রদ করা হয়। পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সেনা উপদেষ্টাকে বহিষ্কার করে ভারত। সেখানে ৫৫-এর বদলে ৩০ জন কর্মী রাখতে পারবে পাকিস্তান, বলেও জানিয়ে দেয় ভারত। ভারতীয় সংস্থার বিমানগুলির জন্য এয়ারস্পেস পাল্টা বন্ধ করে দেয় পাকিস্তান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ