কলকাতা 

আপাতত বিরোধী দলনেতার পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! তবে দু মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকে মামলার নিষ্পত্তি করতে নির্দেশ ডিভিশন বেঞ্চের

শেয়ার করুন

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বাছাইয়ে স্পিকারের সিদ্ধান্তের উপর এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলায় বিচারপতি শম্পা সরকারের নেতৃত্বে থাকা ডিভিশন বেঞ্চের রায়— দু’মাসের মধ্যে বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চকে মামলার নিষ্পত্তি করতে হবে। তার আগে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যাবে না।

বিচারপতি সরকারের বেঞ্চের এই নির্দেশের ফলে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন ‘বহিষ্কৃত’ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে দু’মাসের মধ্যে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তার পরেই চূড়ান্ত হবে স্থায়ী ভাবে বিরোধী দলনেতার আসন কে পাবেন। তবে স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখার মেয়াদ যে ‘অস্থায়ী’, তা-ও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার স্পিকারের তরফে সওয়াল করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে এ বার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপার্সন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ