কলকাতা 

ডা. বিধানচন্দ্র রায় স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

শেয়ার করুন

মোল্লা জসিমউদ্দিন : পশ্চিমবাংলার রূপকার ডা. বিধানচন্দ্র রায়ের ১৪৫তম জন্মদিন পালন করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি। প্রথিতযশা চিকিৎসক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলার শিক্ষা, সংস্কৃতি, নগর উন্নয়ন, শিল্পস্থাপন ইত্যাদির পরিকল্পনা ও রূপায়নে তাঁর উল্লেখযোগ্য অবদানের সাথে রবীন্দ্রভারতী সোসাইটি স্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রদূত। মূলত, তাঁরই উদ্যোগ ও অক্লান্ত প্রচেষ্টা স্বরূপ ১৯৪৭ সালের ১৫ই জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠা হয় রবীন্দ্রভারতী সোসাইটি।

তাই প্রতি বছর এই দিনটিতে সোসাইটি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে পথিকৃৎসম এই ব্যক্তিত্বকে। পয়লা জুলাই সকাল ন’টায় বিবাদী বাগে ডা. রায়ের পূর্ণাবয়ব মর্মরমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সহ-সম্পাদক ডা. অভিজিত ঘোষ সহ অন্যান্য সদস্যগণ। বিকাল সাড়ে পাঁচটায় সদস্যদের নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সোসাইটির লাইব্রেরি ঘরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সোসাইটি প্রতিষ্ঠার প্রাক্কালে ডা. বিধানচন্দ্র রায়ের সদর্থক ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা সবিশেষ উল্লেখ করেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে বর্ষীয়ান সদস্য ডা. শ্যামল ঘোষ মহাশয়কে চিকিৎসক দিবসে বিশেষ সংবর্ধনা জানানো হয়। চিকিৎসক হিসাবে ডা. রায়ের চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে তাঁর অগাধ দক্ষতার কথা উল্লেখ করে শ্রদ্ধা জানান প্রবীণ সদস্য ডা. ঘোষ। ডা. রায়কে প্রণাম জানিয়ে ছোট্ট বক্তব্য রাখেন সহ-সম্পাদক রঞ্জিত কুমার নায়ক ও সদস‍্যা রূপান্জলী চৌধুরী।এর পর সোসাইটির সংগীত শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত সহ সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ