অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের সিআইডি! চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে
বাংলার জনরব ডেস্ক : শুক্রবার বিকেলে সিআইডির একটি দল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে পৌঁছায়। ডায়মন্ড হারবার এর এই সাংসদ ওই সময় বাড়িতে ছিলেন না। বিশেষ সূত্রে জানা গেছে, অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই শুক্রবার কালীঘাটের বাড়িতে যায় সিআইডি।
সূত্রের খবর ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। তার সূত্র ধরে অভিষেককে নোটিস ধরাতে শুক্রবার তাঁর বাড়িতে যায় তারা। তবে জানা গিয়েছে, তিনি কালীঘাটের বাড়িতে নেই। দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ অভিষেক বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন বলে খবর। বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ সিআইডি-র দল তাঁর বাড়ি যায়। তিনি বাড়ি না-থাকায় সেই নোটিস কে নেবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিষেকের অফিসের কর্মীরা এসে দেখা করেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। তাঁরা জানান, অভিষেক বাড়িতে নেই। তাঁর জায়গায় অন্য কেউ নোটিস নিলে হবে কি না? তাঁরা এ-ও জানান, বিষয়টি অভিষেককে জানানো হয়েছে।
অভিষেকের বা়ড়িতে সিআইডি যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাট এলাকায়। অনেকে তাঁর বাড়ির সামনে জড়ো হন। আসেন আইনজীবীরাও। তবে সিআইডি যে নোটিস দিতে এসেছে, তাতে কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিধানসভায় সই জাল-কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে একাধিক বার ডাকা হলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন। সিআইডি-র নোটিস নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে তাঁকে। বলা হয়, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তবে সিআইডি এখনই তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে সিআইডি যাওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

