কলকাতা 

গ্রেফতারির খবর আসার পরেই জাহাঙ্গীরের ফলতার বাড়িতে ব্যাপক ভাঙচুর

শেয়ার করুন

বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আজ সকালে বাংলা-নেপাল সীমান্ত থেকে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির খবর আসার পরেই তাঁর বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়ল। ফলতায় অবস্থিত তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ সামগ্রী সাজানো রয়েছে বলে দাবি স্থানীয়দের। ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মিষ্টি বিলি করতে দেখা যায়।

জাহাঙ্গিরের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শ্রীরামপুরে তাঁর পার্টি অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এরপর তালা ভেঙে অফিসের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চলে। ভাঙা হয় টেবিল, চেয়ার, টিভি-সহ বিভিন্ন আসবাবপত্র। জাহাঙ্গিরের নির্মীয়মাণ বাড়িতেও ভাঙচুর চালান উত্তেজিত জনতা। পার্টি অফিসের ভিতরে মজুত ছিল বহু ত্রিপল-সহ সরকারি ত্রাণ। মুখ ঢেকে সেগুলি লুটপাট চালান কয়েকজন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যের মধ্যে একমাত্র ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পুনর্নির্বাচনের ২ দিন আগেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। এই নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন জাহাঙ্গির। বাংলা-নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতার ‘ত্রাস’। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ