সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে নির্বাচন ঘোষণা?
বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের মতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচনে যাওয়া হবে।
রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী কালে সেগুলিকেও চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। ফলে মোট কত নাম বাদ গেল, একেবারে সেই তালিকা ধরে হিসাব করতে হবে।

সেই সঙ্গে কমিশন জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর মঙ্গলবার জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন করে বুথবিন্যাসের পরিকল্পনা বাতিল করা হল। ৮০,৬৮১টি বুথই থাকছে রাজ্যে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ না হওয়ায় বুথবিন্যাস করা হবে না বলে জানানো হয়েছে।

