তেজস্বিনী: কলকাতা পুলিশের উদ্যোগে নারী আত্মরক্ষা কর্মশালা অনুষ্ঠিত হলো
স্মৃতি সামন্ত : নারীদের নিরাপত্তা ও আত্মরক্ষার দক্ষতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ আত্মরক্ষা কর্মশালা ‘তেজস্বিনী’। পুলিশ অ্যাটলেটিক টেন্টের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ,অ্যাডিশনাল পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং, জয়েন্ট সিপি রূপেশ কুমার সেন্ট্রাল ডিসি ইন্দিরা মুখার্জি আরো অনেক পুলিশ অফিসাররা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় কমিশনার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একসঙ্গে বসে কর্মসূচির উদ্বোধন করেন। ব্যানারে লেখা ছিল “Women Self Defence Workshop – Kolkata Police” এবং পাশে ছিল “Respect Women” বার্তা, যা নারী সম্মান ও সুরক্ষার প্রতি সচেতনতার প্রতীক।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে নারীদের আত্মনির্ভর ও আত্মরক্ষায় সক্ষম করে তোলা অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক আত্মরক্ষা কৌশল, বিপদের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আইনি সহায়তা সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
কর্মশালায় অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী ও কর্মজীবী নারীরা। প্রশিক্ষকরা হাতে-কলমে আত্মরক্ষার কৌশল শেখান এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হয়, তার বাস্তব অনুশীলন করান।
কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত নাগরিকরাও। তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী সুরক্ষায় সচেতনতা ও প্রশিক্ষণই হতে পারে বড় অস্ত্র—এই বার্তাই দিল ‘তেজস্বিনী’ কর্মশালা।

