ফসলের রোগ-পোকা দমনে গ্রিন টেকনোলজি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
বিশেষ প্রতিনিধি : কৃষি প্রযুক্তির সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি তিন দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে। সহযোগিতায় নয়া দিল্লির জাতীয় কৃষিবিজ্ঞান একাডেমি এবং আয়োজনে অ্যাসোসিয়েশন ফর এডভান্সমেন্ট ইন প্ল্যান্ট প্রটেকশন।
আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিতে আসছেন দেশ-বিদেশের বরেণ্য কৃষি ও প্রযুক্তি বিজ্ঞানীরা। সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান বলেন, ফসলের ক্ষতিকারক পোকা দমনে গ্রিন টেকনোলজি এবং ডিজিটাল সলিউশন—এই দুটি বিষয়ের সমন্বয়েই মূলত বর্তমান বিশ্বের স্মার্ট এন্ড সাসটেইনেবল এগ্রিকালচার। এই সম্মেলনের মুখ্য তিনটি বিষয়– এক) আধুনিক কৃষি ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির সমন্বয়

দুই) পোকা শনাক্তকরণ এবং প্রাদুর্ভাবের পূর্বাভাস দিতে এআই (AI) ব্যবহার
তিন) পরাগ মিলন বা পলিনেশন। বিশ্বের প্রায় ৭০-৮০% সপুষ্পক উদ্ভিদের পরাগ মিলন মৌমাছির মাধ্যমে ঘটে। এটি ফসলের গুণমান এবং ফলন ২০-৩০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। মৌমাছি শুধু চাষের জমিতে নয়, বনের গাছপালার পরাগ মিলন ঘটিয়ে প্রকৃতিতে ভারসাম্যও বজায় রাখে। এই বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক পার্থিব বসু স্মারক বক্তৃতা থাকবে এই তিন দিনের সম্মেলনে।
এছাড়াও এই সম্মেলনের বার্তা বিশ্ববিদ্যালয়, কলেজ হয়ে বিদ্যালয় স্তর পর্যন্ত যাতে পৌঁছে যায় সেজন্য দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থাকবে স্টুডেন্টস কর্নার। এতে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির বাজার সৃষ্টি করে না, বরং নষ্ট করে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা এবং জিওলজিক্যাল মিউজিয়াম ঘুরে দেখার সুযোগ। এই পর্ব পরিচালনার দায়িত্বে থাকবে অনুসন্ধান সোসাইটি।
ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক কৃষি সম্মেলনের মাঝে এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত দশটি দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বলে জানিয়েছেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক গৌরাঙ্গ সরখেল।

