মুকুলের অভাব অনুভব করবে রাজনৈতিক মহল শোক প্রকাশ করে বললেন মমতা
বাংলার জনরব ডেস্ক : মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে তিনি লিখলেন, সহকর্মী তথা সহযোদ্ধা মুকুলের অকস্মাৎ প্রয়াণে তিনি শোকস্তব্ধ। আবার মুকুলের তৃণমূলত্যাগ এবং দলে প্রত্যাবর্তনের কথাও শোকবার্তায় তুলে ধরলেন তৃণমূলনেত্রী।
তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভায় বিধায়ক মুকুলের দেহ নিয়ে যাওয়া হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন অভিষেক। মুকুলের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন তাঁর আর এক রাজনৈতিক সহকর্মী, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি পরিষদীয় দলের তরফে বিধানসভায় কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাবেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা, জয়পুরের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ওঁর সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।’’
মুখ্যমন্ত্রী এ-ও জানান, মুকুল তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকে ‘প্রাণপাত’ করেছেন। দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ‘ভিন্ন পথে’ চলে গেলেও আবার ফিরে আসেন। মমতা লেখেন, ‘‘বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।’’
প্রয়াত বিধায়ককে ‘অভিজ্ঞ নেতা’ এবং ‘সহকর্মী’ বলে উল্লেখ করে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে সমবেদনা জানিয়েছেন মমতা। তাঁর বার্তা, ‘‘মন শক্ত করো: এই সঙ্কটে আমরা তোমার সঙ্গে আছি।’’
