হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ভিডিও নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রধান বিচারপতির
নির্বাচন এলেই রাজনৈতিক লড়াই আরও বেশি করে আদালতে পৌঁছে যাচ্ছে বলে এবার মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও নিয়ে আদালতে আর্জি জমা পড়েছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন CJI সূর্যকান্ত। (Supreme Court)।
ভিডিও ঘিরে বিতর্ক, সেটি বিজেপি-ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিও-য় দেখা যায়, দুই ব্যক্তির দিকে রাইফেল তাক করে রয়েছেন হিমন্ত। নিশানায় থাকা দুই ব্যক্তির মধ্যে একজনের মাথায় টুপি রয়েছে, যেমনটা মুসলিমরা পরেন। অন্যজনের লম্বা দাড়ি রয়েছে। হিমন্ত ট্রিগারে চাপ দিতেই গুলি ছুটে যায় ওই দু’জনের দিকে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে বিজেপি লেখে, ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক শট’। ভিডিওটি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, সংখ্যালঘুদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের পরও হিমন্ত পার পেয়ে যান কী করে? এমন ভিডিও-র জন্য কেন কোনও পদক্ষেপ করা হবে না? বিতর্কের জেরে অসম বিজেপি-র তরফে ভিডিওটি মুছে দেওয়া হয়। তার পরও বিতর্ক থামেনি। বরং নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে।
সেই নিয়েই মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে। মামলা দায়ের করেছে CPM এবং CPI. তাদের আইনজীবী নিজাম পাশা বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপ চান। তিনি বলেন, “আমাদের অনুরোধ, অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করুক আদালত। অসমের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন, একটি বিশেষ সম্প্রদায়ের দিকে রাইফেল তাক করা যে ভিডিও বেরিয়েছে তাঁকে নিয়ে, তাতে হস্তক্ষেপ করা হোক। অভিযোগ দায়ের করা হলেও, এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।”
এতে CJI সূর্যকান্ত বলেন, “সমস্যা হল, ভোট এলে নির্বাচনী লড়াইয়ের কিছুটা সুপ্রিম কোর্টের ভিতরেও লড়া হয়। এটাই সমস্যা। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং তারিখ জানাব।” দলের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলেও, হিমন্ত দায় এড়িয়ে গিয়েছেন। ওই ভিডিও সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেন তিনি।

