কলকাতা 

বিরোধীদলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলল হাইকোর্ট

শেয়ার করুন

রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতেও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে সোমবার কলকাতা এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কর্মসূচিতে তৃণমূল সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ বিজেপির। এই বাধা প্রতিরোধ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২৭ অক্টোবর মামলাটি রুজু হয়েছিল হাই কোর্টে। সেই মামলাতেই সোমবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জানাল, বিরোধী দলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১৮ ফেব্রুয়ারি আবার শুনানি হবে এই মামলার।

Advertisement

আবেদনে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপির জনপ্রতিনিধি, সমর্থকদের লক্ষ্য করে হিংসার ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশকে আগেভাগে জানানোর পরেও বিরোধী দলের কর্মসূচি, কনভয়ে হামলার ঘটনা ঘটছে। এমনকি, রাজ্যের বিরোধী দলনেতার কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। আবেদনকারীর দাবি, এই ধরনের ঘটনাগুলি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসনের ‘ব্যর্থতাকেই’ তুলে ধরছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ