কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল, এখনই শীত থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী
বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ চড়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের চেয়েও উপরে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীতের হাত থেকে নিস্তার নেই।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম)। গত মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে তাপমাত্রা থেকেছে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার কলকাতার পারদ নেমেছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার পর এক ধাক্কায় ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।

রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সকালের দিকে কমবেশি কুয়াশা থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। এ ছাড়া, উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে! সকাল পেরিয়ে বেলা পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট।
শনিবারের মতো রবিবারও দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রির ঘরে (৩.৬ ডিগ্রি সেলসিয়াস)। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার ৬ ডিগ্রির ঘরে পারদ নেমে গিয়েছিল। রবিবার কিছুটা বেড়ে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই কমবেশি পারদ চড়েছে এবং ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে।

