দেশ 

ওয়াকফ সংশোধিত আইন সংবিধান সম্মত না অসংবিধানিক জানা যাবে আগামীকাল সোমবার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মোদি সরকারের তৈরি করা ওয়াকফ সংশোধিত আইন কার্যকর থাকবে না বদল হবে না এই আইনকে সংবিধান বিরোধী বলে রায় দেবে সুপ্রিম কোর্ট তা জানা যাবে আগামীকাল সোমবার। গত বাইশে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয় তারপর রায় দান স্থগিত রাখা হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকেই প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে আগামীকাল সোমবার ১৫ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় প্রদান করবেন প্রধান বিচারপতির বেঞ্চ।

সংসদের দুই কক্ষে পাশ এবং রাষ্ট্রপতি সই করার পর ৮ এপ্রিল থেকে কার্যকর হয়েছে সংশোধিত ওয়াকফ আইন। তার পর থেকেই দেশজুড়ে এই আইনের বিরোধিতায় সংখ্যালঘুদের প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একগুচ্ছ মামলা। সেই মামলায় দীর্ঘ শুনানি হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট এই আইনের বেশ কয়েকটি ধারার উপরে সাময়িক স্থগিতাদেশ জারি করে রেখেছে।

Advertisement

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ মামলার রায় ঘোষণা হবে ৷ চলতি বছরের বাজেট অধিবেশনে প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ বিতর্কের পর ৩ এপ্রিল গভীর রাতে লোকসভায় ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়। এরপর ৪ এপ্রিল লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল৷

বিলের পক্ষে পড়ে ১২৮টি ভোট। বিপক্ষে ৯৫টি ভোট৷ এই বিতর্কের মাঝেই গভীর রাতে বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও আইনে পরিণত হয় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ ৷

এরপরই এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি, দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস, জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি আরশাদ মাদানি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড-সহ একাধিক সংগঠন এ নিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে।

সংশোধিত আইনের মাধ্যমে মামলাকারীদের ওয়াকফ তৈরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে মামলাকারীরা। শুধু তাই নয়, এই আইন সংবিধান প্রদত্ত নাগরিকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে সংখ্যালঘুদের যে সাংবিধানিক অধিকার সুরক্ষিত রয়েছে তাতেও মানা হচ্ছে না বলে মামলা কারীদের অভিযোগ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR Gavai সরকারপক্ষ এবং মামলাকারীদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছিলেন এবং তিনি জানিয়েছিলেন এই মামলার তিনি রায় পরবর্তী কালে দেবেন।

আদালতে দাবি করা হয়েছে, ওয়াকফ ইসলামের অবিচ্ছেদ্য অংশ। ওয়াকফ সংশোধনীতে ডিস্ট্রিক্ট কালেক্টরকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। কোনও সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি সম্পত্তি, তা নিয়ে কালেক্টর যখন তদন্ত করবেন সেই সম্পত্তিকে ওয়াকফ বলে গণ্য করা যাবে না। শুনানিতে এই নিয়ে প্রশ্ন ওঠে। এই নিয়ে বিশেষ নির্দেশ দিতে পারে আদালত।

কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতকে অনুরোধ করেছিল, ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে যে আবেদন জমা পড়েছে সেগুলি খারিজ করা হোক৷ কেন্দ্রের দাবি ছিল, কিছু বিধানকে ঘিরে মিথ্যা বর্ণনার উল্লেখ করা হয়েছে। সংসদে পাশ হওয়া আইনের উপর আদালতের যে কোনও পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতাও করে মন্ত্রক। এবার দেখার সুপ্রিম কোর্ট ওয়াকফ মামলায় কী রায় দেয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ