আর জি কর কাণ্ডের তদন্ত সিবিআই করতে পারছে না অন্য কাউকে দেওয়া উচিত দাবি দিলীপ ঘোষের
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের বছরপার। সিবিআইকে ‘বোগাস’ বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপি নেতার বেসুরো মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু জোর ফিসফিসানি।
শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।”

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট নাইট শিফটে গিয়েছিলেন আর জি করের তরুণী চিকিৎসক। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। এরপর ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে ধর্ষণ ও খুনের অভিযোগে সিবিআই সঞ্জয় ছাড়া কাউকেই গ্রেফতার করতে পারেনি।

