রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা ভোটকে লক্ষ রেখে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতি আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। দলের জনপ্রতিনিধিদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের শাসকদল। জনস্বাস্থ্য বিভাগের পানীয় জলের প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের। সাংসদদের তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়কদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং জেলা পরিষদগুলিকে তাদের বার্ষিক বাজেটের ৫ শতাংশ এই কাজে ব্যয় করতে হবে। শুক্রবার দলের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের কথা জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
চলতি সপ্তাহেই দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় নেতাদের প্রয়োজনীয় বার্তা দিয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকের পরে এ বার দলের জনপ্রতিনিধিদের সঙ্গে ফের জরুরি বৈঠকে বসলেন বক্সি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। ওই বৈঠকে দলের সাংসদ, বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ-সহ অন্য জনপ্রতিনিধিরাও।

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে আরও জোর দিচ্ছে শাসক শিবির। সম্প্রতি রাজ্য সরকার থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি চালু করা হয়েছে।

