দিলীপের বিরুদ্ধে দিল্লি নেতৃত্বের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি রাজ্য নেতৃত্বের ,নির্দেশ এলো চুপ থাকুন!
জগন্নাথ ধাম দর্শনের পর থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি একাংশ তীব্র প্রতিবাদে নেমেছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিজেপির রাজ্য নেতৃত্বের প্রভাবশালী অংশ মনে করছেন বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে চা খেলেন এবং হেসে গল্প করলেন তাতে আর যাই হোক রাজ্য বিজেপির অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল।
এই অবস্থায় বিজেপি নেতৃত্ব যাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় সেজন্যই দিল্লি নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য নেতৃত্বের প্রভাবশালী অংশ। কিন্তু হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে জানা যাচ্ছে যে দিল্লি নেতৃত্ব স্পষ্টভাবে রাজ্য নেতৃত্ব কে জানিয়ে দিয়েছেন দিলীপের ইস্যুতে চুপ করে থাকতে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎকে দলবিরোধী বলে দাবি করে বুধবার রাতেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে জানানো হয়েছে দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে দল। তবে রাজ্যের কোনও নেতা যেন এই নিয়ে মুখ না খোলেন। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা মেনে এদিন দিলীপকে নিয়ে প্রশ্ন এড়িয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ খোলেননি সুকান্ত মজুমদারও। কিন্তু বাকিদের বাক্যবান জারি রয়েছে। তার মধ্যে রয়েছেন সৌমিত্র খাঁ, অর্জুন সিংয়ের মতো নেতারা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের মমতার সঙ্গে সাক্ষাৎ ও তার পর বৃহস্পতিবার সকালে দলীয় নেতৃত্বকে আক্রমণ নিয়ে বিব্রত দল। তবে তাঁর বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে চায় না কেন্দ্রীয় বিজেপি। বরং তাঁকে সংযত হওয়ার বার্তা দেওয়া হতে পারে। সংঘের পুরনো সদস্যকে বহিষ্কার করলে বিজেপিরই অস্বস্তি বাড়বে।

