মন্ত্রীসভা গঠন নিয়ে মহারাষ্ট্রে বিজেপি জোটের মধ্যে অশান্তি
বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তবে তাঁর সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজুটির তিন শরিক মন্ত্রক বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
১৪৯ টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি জিতেছে ১৩২টি আসন। একনাথ শিণ্ডের শিব সেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়। দফতর বণ্টনের সূত্র অনুযায়ী, মোট ৪৩ মন্ত্রকের মধ্যে ২৪টিই থাকবে বিজেপির হাতে। ৫৭ জন বিধায়ক থাকা শিণ্ডে সেনার হাতে থাকবে ১০টি মন্ত্রক। ৯টি মন্ত্রক পাবে এনসিপি। সেটা নিয়ে বিশেষ সমস্যা নেই। মূল সমস্যা হল কারা কোন দফতর পাবেন।

দেবেন্দ্র ফড়ণবিসও মেনে নিয়েছেন, মন্ত্রিসভার বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। তবে এখনই সেটা ঘোষণা করার মতো পরিস্থিতি নেই। ফড়ণবিসের বক্তব্য, “মন্ত্রক চূড়ান্ত করার আগে আরও একবার বৈঠক করতে হবে আমাদের।” শোনা যাচ্ছে, শীতকালীন অধিবেশনের আগেই এই জটিলতা মেটাতে চাইছে বিজেপি।

