Jamiat E Islami Hind : জামায়াতে ইসলামী হিন্দের ৭৫ বর্ষপূর্তিতে ২২ শে জানুয়ারি মহিলা সমাবেশ, ১২ই ফেব্রুয়ারি যুব সমাবেশ কলকাতায়, জানালেন রাজ্য সভাপতি মাওলানা মুহাম্মদ রফিক
বুলবুল চৌধুরি: জামায়াতে ইসলামী হিন্দের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের ব্যবস্থা করেছে সংগঠন। মূলত জামায়াতের উদ্দেশ্য লক্ষ্য এবং তাদের কাজকর্ম নিয়ে সমাজের বিভিন্ন স্তরে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই প্রচার অভিযান শুরু হয়েছে। এই প্রচারের অংশ হিসাবে আজ শুক্রবার ১৬ই ডিসেম্বর থেকে দেশ জুড়ে সংগঠনের কার্যকলাপ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে প্রচার চালানো হয়।
এই কর্মসূচির অংশ হিসাবে কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি ডঃ মুহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার পশ্চিমবাংলার সাংবাদিকদের কাছে জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ৭৫ বছরের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করেন। এরপরেই তিনি সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। বেশ কয়েকজন সাংবাদিকদের চোখাচোখা প্রশ্নের উত্তর তিনি দেন পরিসংখ্যানসহ।
এই আলোচনা চলাকালীন সময়ে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা আমীরে হালকা মাওলানা মুহাম্মদ রফিক সাংবাদিকদের জানান সংগঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি কলকাতার পার্ক সার্কাসে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশের বিষয় মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোচনা। জামায়াতে ইসলামী হিন্দ যে মেয়েদের স্বশক্তি করনে বিশ্বাস করে তা এই সভার মধ্য দিয়ে স্পষ্ট হবে। এই সভায় কয়েক হাজার মুসলিম মহিলা অংশগ্রহণ করবে বলে মুহাম্মদ রফিক দাবি করেন।
তিনি আরো জানান, শুধু মহিলা সমাবেশ নয় জামায়াতে ইসলামী হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যুব সমাবেশেরও আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই সমাবেশ কলকাতায় অনুষ্ঠিত হবে। যুব সম্প্রদায়ের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে এই সভায় আলোচনা হবে বলে আমিরে হালকা জানান।

