জামায়াতে ইসলামী হিন্দের ৭৫ বর্ষপূর্তিতে কলকাতা প্রেসক্লাবে বিশেষ অনুষ্ঠান
সেখ ইবাদুল ইসলাম: ৭৫ বছরে পা দিল দেশের সমাজসেবা মূলক প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী হিন্দ। এই উপলক্ষে দেশজুড়ে জামাতের কর্মকান্ড প্রচারের উদ্যোগ নিয়েছে এই সংগঠনটি। আগামী ১৬ই ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে শেষ হবে ১৬ ই এপ্রিল ২০২৩। জামাতের ৭৫ বছর খুব যে মসৃণ গতিতে সংগঠন বিস্তার করতে পেরেছে তা নয়। এই ৭৫ বছরের ইতিহাসে নানা চড়াই উতরাই পার হয়ে জামাত দেশের সামনে এক মূল্যবোধের শিক্ষার প্রসারের কাজ নিরবে করে চলেছে।
শুধুমাত্র ইসলাম ধর্মালম্বীদের কাছে নয়, জামায়াতে ইসলামী হিন্দ ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এবং জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে চলেছে। বিগত দুই বছর ধরে বিশ্বজুড়ে যে মহামারী দেখা দিয়েছিল সেই মহামারীতে জামাতের কর্মীরা যেভাবে কাজ করেছেন বিপন্ন মানুষের সেবায় নিয়োজিত হয়েছে তা এক কথায় ইতিহাস হয়ে থেকে যাবে। সমাজ সেবামূলক বিভিন্ন কাজে জামাত কাজ করে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।
দেশের অখন্ডতা ধর্মনিরপেক্ষতা রক্ষা করার স্বার্থে এবং সংবিধানের অধিকারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী হিন্দ কাজ করছে। জামায়াতে ইসলামী হিন্দের কাজকর্ম নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী ১৬ ই ডিসেম্বর শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে বিকেল পাঁচটা থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিষয় রাখা হয়েছে, দেশের শান্তি সংহতি সামাজিক উন্নয়ন এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামী হিন্দের ভূমিকা। এ নিয়ে বিস্তারিত বলবেন জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি এবং রাজস্থানের জয়পুরের এমনিট(MNIT) এর প্রখ্যাত অধ্যাপক মুহাম্মদ সেলিম।
সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে পশ্চিমবঙ্গ শাখার মিডিয়া সেক্রেটারি জনাব মশিউর রহমান জানিয়েছেন, এই অনুষ্ঠানে গণমাধ্যমের সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে জামাত সম্বন্ধীয় যে কোন প্রশ্ন সাংবাদিক বন্ধুরা করতে পারবেন, শুধু তাই নয় একইসঙ্গে দেশ এবং আন্তর্জাতিক স্তরে যেসব বিষয় জানতে চান সাংবাদিকরা তা জানানো হবে।

