মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়াদের অনশন ৯৫ ঘণ্টায় পড়ল, অসুস্থ এক ছাত্র, আন্দোলনকারীদের দাবি নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য ভবনে
বাংলার জনরব ডেস্ক : অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবি তে মেডিকেল কলেজের পড়ুয়াদের অনশন ৯৫ ঘন্টার বেশি সময় ধরে চলছে। আন্দোলনকারীদের বক্তব্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
আজ সোমবার অনশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঋতম মুখোপাধ্যায় নামে এক আন্দোলনকারী। তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। রক্তচাপ কমে যাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পড়ুয়াদের পাশে দাঁড়াতে কনভেনশনের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। হাসপাতালের ভিতর এই কনভেনশন হবে বলে জানা গিয়েছে।
শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু এর পরেও জটিলতা কাটেনি। মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক করা হবে। সেই বৈঠকে আলোচনার পর কোনও সমাধান পাওয়া যাবে কি না, সে দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক এবং আন্দোলনরত পড়ুয়ারা।

