‘শীতকালীন অধিবেশনে বিপজ্জনক বিল আসছে,রাজ্যের গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব করার চেষ্টা চলছে’ দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক শেষে বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : ‘শীতকালীন অধিবেশনে বিপজ্জনক বিল আসছে।’ দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক শেষে এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এদিন বলেন, “সংসদীয় গণতন্ত্র রক্ষা হবে কিনা আমরা আতঙ্কে আছি।”
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। সেই অধিবেশনে তৃণমূলের রণনীতি কী হবে, তা ঠিক করতে বুধবার সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানের দলের প্রায় সকল সাংসদরাই হাজির ছিলেন। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে আলোচনা সারেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাাধ্যায়। বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্র পরিকাঠামো নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিন মমতা বলেন, “১৬টি বিল আসছে-বিদ্যুৎ বিল, সমবায় বিল, তথ্য সংরক্ষণ বিল। অনেকগুলি বিপজ্জনক বিল রয়েছে। তাতে এমন অনেকগুলি বিল রয়েছে যাতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। রাজ্যের গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব করার চেষ্টা চলছে। আজকের বৈঠকে এনিয়ে সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।” তাঁর আরও অভিযোগ, “বিরোধীরা সুর চড়ালেও, প্রতিবাদ করলেও কেন্দ্র গুরুত্ব দেয় না। বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার জোর করে বিলগুলি পাশ করিয়ে নেয়।”
