দিল্লী পুর নিগমের ফল স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্য ও আশীর্বাদ চাইলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল
বাংলার জনরব ডেস্ক : প্রথমবার দিল্লি পুর নিগমের ক্ষমতা পাওয়ার পর নরেন্দ্র মোদির আশীর্বাদ প্রার্থনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।।বুধবার গণনার ফল স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধানের মন্তব্য, ‘‘আমাদের দুর্নীতির অবসান ঘটাতে হবে, দিল্লিকে পরিচ্ছন্ন করতে হবে। দিল্লির উন্নয়নে আমি কেন্দ্রের সাহায্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ চাইছি।’’
তার পরই দিল্লির আমজনতার উদ্দেশে কেজরীর বার্তা— ‘‘এই জয় মানুষের জয়। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। যাঁরা আমাদের ভোট দেননি, আমরা প্রথমে তাঁদের উদ্বেগের জায়গাগুলি খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করব।’’ সেই সঙ্গে দিল্লিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপ প্রধান বলেন, ‘‘আই লাভ ইউ দিল্লি।’’ তাঁর কথায়, ‘‘শুধু জয় নয়, এটা বড় দায়িত্ব।’’

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় আপের বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হলেও বুধবার ভোটগণনা শুরু হওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে আপ এবং বিজেপি প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। তবে ধীরে ধীরে জয়ের দিকে এগোতে থাকে কেজরীর দল। বেলা যত বাড়তে থাকে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধানও ততই চওড়া হতে থাকে। বিকেল গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ১৫ বছর পরে দিল্লি পুরভোটে হারতে চলেছে বিজেপি।

