কলকাতা 

বড় দিন উপলক্ষে ২৬ ডিসেম্বর সরকারি কর্মচারীদের ছুটি, বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক সহ রাজ্য সরকারি কর্মচারীরা ২৬ ডিসেম্বর ছুটি পাবেন । আজ মঙ্গলবার অতিরিক্ত মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে একথা জানান। নবান্নের নির্দেশিকায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা।

২৫ ডিসেম্বর বড়দিন রবিবার। ফলে ওইদিনের ছুটি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না । এতে সরকারি কর্মীরা কার্যত হতাশ হয়ে পড়েছিলেন। তবে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ২৬ ডিসেম্বর রাজ্যের প্রতিটি সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মীদের ছুটি।

ক্যালেন্ডার বলছে, ২৪ ডিসেম্বর, শনিবার। পরদিন ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন রবিবার। তার পরদিন ২৬ ডিসেম্বর, সোমবারও ছুটি। তার ফলে রাজ্য সরকারি কর্মীরা বড়দিনে একটানা ৩ দিন ছুটি পাবেন। অল্প ছুটি পেলেও যাঁরা বাক্সপ্যাঁটরা গুঁছিয়ে বেরিয়ে পড়েন এহেন রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো। ইতিমধ্যেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করেছেন তাঁরা।

উল্লেখ্য, গত বছরের তুলনায় এবার ছুটি সামান্য কম পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছর দুর্গাপুজোয় রাজ্যের সরকারি কর্মচারীরা একটানা ১১ দিন ছুটি পেয়েছেন। দোল, সরস্বতী পুজো ও ঈদে একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। গুরু রবিদাস, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজোয় বিশেষ সম্প্রদায়ের সরকারি কর্মীরা ছুটি পান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ