মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ফাঁসির দিনটিকে দেশ জুড়ে বলিদান দিবস হিসাবে পালন করলো বিশ্ব হিন্দু পরিষদ
বাংলার জনরব ডেস্ক: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) হত্যাকারী নাথুরাম গডসে এর (Nathuram Godse) ফাঁসির দিনটিতে বলিদান দিবস হিসেবে পালন করল হিন্দু মহাসভা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে খোদ কলকাতা শহরেও নাথুরাম গডসের মৃত্যুর দিনটিকে বলিদান দিবস হিসেবে স্মরণ করা হলো। অবশ্য কলকাতার একাডেমি ফাইন আর্টসে বাইরে মঞ্চ করে বিশ্ব হিন্দু পরিষদ সভা করে মঙ্গলবার । সেখানে দাবি করা হয় জাতির জনক মহাত্মা গান্ধী নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে করতে হবে।
গতকাল, মঙ্গলবার ছিল আরএসএসের প্রাক্তন কর্মী ও সাভারকরের শিষ্য গডসের মৃত্যুদিন। ১৯৪৯ সালের ১৫ নভেম্বর তার ফাঁসি হয়েছিল। গোয়ালিয়রে দিনটি পালন করে হিন্দুত্ববাদী সংগঠনটি। দৌলতগঞ্জে মহাসভার কর্মীরা একত্রিত হয়ে ফুলের মালাও পরান গডসের মূর্তিতে। এদিন মহাসভার মুখপাত্র অর্চনা চৌহান জানান, ‘বিপ্লবী নেতা’ গডসের স্মৃতিতে দিনটিকে প্রতি বছর ‘বলিদান দিবস’ হিসেবে তাঁরা পালন করবেন। সেই সঙ্গে দলের মুখপাত্রের দাবি, তাঁরা শিগগিরি এই শহরে একটি মূর্তি স্থাপন করবেন গান্ধী হত্যাকারীর। এর আগে ২০১৭ সালে গোয়ালিয়রেই গডসের আবক্ষ মূর্তি স্থাপন করতে দেখাও গিয়েছিল হিন্দু মহাসভাকে। যদিও বিতর্কের জেরে পরে তা সরিয়ে নেওয়া হয়।
নাথুরাম গডসের মৃত্যুদিন পালন ও দিনটিকে ‘বলিদান দিবস’ হিসেবে পালনকে ‘দেশবিরোধী কাজ’ বলে তোপ দেগেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি অরুণ যাদব দাবি করেছেন, অভিযুক্তদের চিহ্নিত করে এফআইআর দায়ের করা হোক। তাঁর কথায়, ”আবারও দেশের প্রথম জঙ্গি মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের উদ্দেশে প্রার্থনা করেছে হিন্দু মহাসভা। আরতিও করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত এই দেশদ্রোহী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া পদক্ষেপ করা।”

