Earthquake In Punjab : মধ্যরাতে কেঁপে উঠল পাঞ্জাব, এক সপ্তাহের তিনবার ভূমিকম্প উত্তর ভারতে
বাংলার জনরব ডেস্ক : আজ ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব। সোমবার ভোর সাড়ে ৩টের পর ভূমিকম্প অনুভূত হয়েছে অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩.৪২ নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসর। বেশ কিছু ক্ষণ কম্পন স্থায়ী হয়েছিল। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর ২ বার কেঁপে উঠেছিল দিল্লি। মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১। এর পর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল। শনিবার রাত ৮টা নাগাদ দিল্লির ভূমিকম্প প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল। যার জেরে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন অনেকে। দিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছিল।

