সুপ্রিম নির্দেশে রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে মেনে নেওয়া যায় না বলে প্রতিক্রিয়া দিল কংগ্রেস
বাংলার জনরব ডেস্ক : রাজীব গান্ধীর হত্যার সঙ্গে যুক্ত ৬ জন অপরাধী যাবজ্জীবন সাজা হয়েছিল তাদেরকে আজ সুপ্রিম কোর্ট মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। শুক্রবার দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ বের হওয়ার পর কংগ্রেস দল তার প্রতিক্রিয়ায় বলেছে রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়াটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত এটা মেনে নেয়া যায় না।
শুক্রবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, ‘‘রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনও ভাবেই এটা মেনে নেওয়া যায় না।’’
এদিনই দেশের শীর্ষ আদালত রাজীব হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জনকে মুক্তির নির্দেশ দিয়েছে। এই তালিকায় রয়েছেন, নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। এর পরেই কংগ্রেস নেতা জয়ারাম বলেন, ‘‘কংগ্রেস স্পষ্ট ভাবে এর (মুক্তির রায়ের) সমালোচনা করে এবং এটি সম্পূর্ণ ভুল বলেন বলে মনে করে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সব চেয়ে দুর্ভাগ্যজনক হল যে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি।’’
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট রাজীব খুনের মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে মুক্তি দিয়েছিল। সে সময়ও শীর্ষ আদালতের সিদ্ধান্তে ‘বেদনা এবং হতাশা’ প্রকাশ করেছিল কংগ্রেস। কংগ্রেসের আপত্তি উপেক্ষা করে ২০১৮ সালে তামিলনাড়ুর তৎকালীন এডিএমকে মন্ত্রিসভা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের সময়ের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজীব-ঘাতকদের মুক্তি দেওয়ার লক্ষ্যে বিধানসভায় পাশ করানো হয় বিল।

