ডিএলএড কলেজেও টাকা নিয়ে পাশ করানোর অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের, বৃহস্পতি বার শুনানি!
বাংলার জনরব ডেস্ক : দু হাজার টাকা করে দিলে তবেই প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পাশ করানো হবে। না দিলে ফেল করিয়ে দেওয়া হবে। এমন কিছু অসাধু প্রস্তাব দিয়েছিলেন এক কলেজ শিক্ষক। এ নিয়ে কলকাতা হাইকোর্টে এক মামলা দায়ের করা হয়েছে।
মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, টেট পরীক্ষায় বসার জন্য যে ডিএলএড ডিগ্রির প্রয়োজন হয়, তারই প্র্যাকটিকাল পরীক্ষায় ওই শর্ত দেন ডিএলএড কলেজের শিক্ষক। মামলাকারীদের অভিযোগ ওই শিক্ষকের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও সরাসরি যোগ আছে।

বুধবার মামলাটি হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে। বিচারপতিকে আইনজীবী জানান, ঘটনাটি মালদার মন্মথনাথের একটি ডিএলএড কলেজের। অভিযোগ, সেখানেই কলেজের সেক্রেটারিকে পরীক্ষার আগে ওই শর্ত দেন ওই শিক্ষক। আইনজীবীর কথামতো ওই শিক্ষক পরীক্ষার্থীদের মাথাপিছু ২০০০ টাকা করে চান এবং টাকা না পেলে ৪৯ জন পরীক্ষার্থীকেই ফেল করাবেন বলে হুমকি দেন। ঘটনাটি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই অভিযোগ গুরুতর। বৃহস্পতিবারই তিনি মামলাটি শুনবেন।

