শুধু গ্রেফতারি নয়, দ্রুত নিয়োগ চাই, মানিক ভট্টাচার্যের গ্রেফতারি পর ধর্নামঞ্চ থেকে দাবি জানালো আন্দোলনকারীরা
বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় মঙ্গলবার ভোর রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকের এই গ্রেফতারির খবর পেয়ে খুশি ধর্নায় বসা চাকরিপ্রার্থীরা। তবে শুধু গ্রেফতারি নয়, দ্রুত চাকরিতে নিয়োগ চাইছেন তাঁরা।
রেড রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরির দাবিতে ধর্নায় বসেছেন এক দল টেট উত্তীর্ণ প্রার্থী। সকলেই ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থী। তাঁদের ধর্না মঙ্গলবার ৫৬ দিনে পড়েছে।
ধর্না মঞ্চ থেকে চাকরিপ্রার্থী সোমা পাল বলেন, ‘‘মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন, তাতে আমরা খুশি। মানিক বলেছিলেন, যদি কোনও দুর্নীতি প্রমাণ হয়, আপনাদের সকলকে ডেকে ডেকে চাকরি দেব। আর এখন তিনি নিজেই ইডির হেফাজতে। দুর্নীতি হয়েছে তা তো ইডি বলছে। সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে। তা হলে আমরা কী দোষ করলাম?’’
আর এক চাকরিপ্রার্থী সুখেন সরকারের কথায়, ‘‘শুধু শুনছি দুর্নীতি হয়েছে। দেখছি গ্রেফতার হচ্ছে। কিন্তু আমরা যেখানে ছিলাম, সেখানেই রয়ে গিয়েছি। আমাদের কবে নিয়োগ হবে? নিয়োগ না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’’

