কলকাতা 

রেড রোডে পুজোর কার্নিভাল, প্রশাসনের নির্দেশে একদিনের জন্য ধরনা প্রত্যাহার করছে এসএসসির চাকরি প্রার্থীরা, মুখ্যমন্ত্রী ইতিবাচক ঘোষণা করুক দাবি আন্দোলনকারীদের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে আগামীকাল শনিবার পুজোর কার্নিভাল উপলক্ষে এসএসসি চাকরি প্রার্থীদের ধরনা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

৫৭২ দিনে পড়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। আদালতের নির্দেশে যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। এমনকী, প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হবে। আন্দোলনকারীদের সাফ কথা, হাতে নিয়োগপত্র পেলে তবেই ধরনামঞ্চ ছাড়বেন তাঁরা। এমন পরিস্থিতিতে শুক্রবার ময়দান থানা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ই-মেল করা হয়।

আগামিকাল অর্থাৎ শনিবার রেড রোডে কার্নিভ্যাল। সে কারণে একদিনের জন্য ধরনা প্রত্যাহারের অনুরোধ করা হয়। সেই অনুরোধে সায় চাকরিপ্রার্থীদের। শনিবার গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবেন না তাঁরা। আন্দোলনকারীদের দাবি, আগামিকাল কার্নিভ্যালের মঞ্চ থেকে নিয়োগের বিষয়ে ইতিবাচক কিছু ঘোষণা করুন। কমপক্ষে কার্নিভ্যাল শেষে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, শুক্রবার আন্দোলন মঞ্চে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও রুদ্রনীল ঘোষ। আন্দোলনকারীদের মিষ্টিমুখ করান তাঁরা। রাজ্য সরকারকে একহাত নেন দু’জনে। উল্লেখ্য, এর আগে নবমীতে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দশমীতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ