দুর্গাপুজোর প্যান্ডেলে ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’র প্লাস্টিক বিরোধী প্রচার
বিশেষ প্রতিনিধি: ১ অক্টোবর ২০২২ মহাষষ্ঠীর সন্ধ্যায় কৃষ্ণনগরের পুজো প্যান্ডেলগুলিতে ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’র পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানো হয়। কৃষ্ণনগরের অন্যতম বড় দুর্গাপুজো ঘূর্ণি তরুণ সংঘের পুজো। সেখানে পুজোকে কেন্দ্র করে প্রতিবছর ছোট মেলা বসে। এদিন পরিবেশ বন্ধুরা সেই মেলায় প্লাস্টিক বিরোধী প্রচার চালান। মেলার অস্থায়ী দোকানগুলিতে গিয়ে দোকানিদের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে বলা হয়। কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পক্ষ থেকে প্রতিটি পুজো প্যান্ডেলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে একটি পোস্টার লাগানো হয়। তরুণ সংঘের পুজো মণ্ডপে এবং প্যান্ডেলের বাইরেও সেই পোস্টার লাগানো হয়।

‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণরূপে বর্জন করুন’ —এই বার্তাবাহী পোস্টারগুলি মহাষষ্ঠীর সন্ধ্যায় কৃষ্ণনগরের বিভিন্ন পুজো প্যান্ডেলে পরিবেশ বন্ধুরা লাগিয়ে দেন। পরিবেশ বন্ধু দীপাঞ্জন দে তাদের এই পোস্টার কর্মসূচি সম্পর্কে বলেন, “কৃষ্ণনগর পরিবেশ বন্ধু শহরের পুজো প্যান্ডেলগুলিতে এই পোস্টার লাগিয়ে দর্শনার্থীদের কাছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণরূপে বর্জনের আবেদন জানাচ্ছে। সরকারি নির্দেশনামা অনুযায়ী এবছরের ১লা জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা হয়েছে। কিন্তু পর্যাপ্ত নজরদারির অভাবে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এখনো রমরমিয়ে চলছে। আমরা এর বিরুদ্ধে অনবরত প্রচার চালিয়ে যাচ্ছি। দুর্গাপুজোর প্যান্ডেলগুলিতে পোস্টারের মাধ্যমে আমরা প্লাস্টিক বর্জনের এই বার্তা বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি।”

এদিন কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পক্ষ থেকে ঘূর্ণির তরুণ সংঘ ছাড়াও, ঘূর্ণি বারোয়ারি, শিবতলা বারোয়ারি, জেলখানার পুজো মণ্ডপ, পুলিশ লাইনের পুজো, ক্লাব ৫১বর্তী প্রভৃতি পুজো প্যান্ডেলে প্লাস্টিক বিরোধী প্রচার চালানো হয়।

