অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ব্যান্ডেলের সাহাগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সেখ আবদুল আজিম : গত ৯ এপ্রিল,২০২২ অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ব্যান্ডেলের সাহাগঞ্জে মা অন্নপূর্ণা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মানবিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারের পূজা ১১তম বর্ষে পদার্পণ করল। পূজার দিন সকালে মায়ের পুজো শুভারম্ভের পরেই শুরু হয় চক্ষু পরীক্ষা তথা চশমা প্রদান শিবির এবং রক্ত পরীক্ষা শিবির। খড়দহ মনন সংস্থার সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন।পূর্ব ঘোষণা অনুযায়ী থালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে দৃষ্টিহীন প্রতিবন্ধী ভাইবোনেরা এবং অন্যান্য মানুষেরা রক্ত দান করেন।দুপুরে আড়াইশতাধিক মানুষ মায়ের ভোগ পান।

দ্বিপ্রাহরিক খাওয়ার শেষে সবাই ভিড় করেন স্থানীয় আজাদহিন্দ ময়দানে, যেখানে আয়োজন করা হয়েছিল রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত দৃষ্টিহীন বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইদের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই খেলার আয়োজন শুধুমাত্র মনোরঞ্জন নয় , মআমাদের বিশেষভাবে অনুভূত করায় যে মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দুটি টিমকেই ট্রফি এবং আর্থিক উপহার প্রদান করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সুপরিচিত ব্যক্তিত্বদের স্মারকসহ সম্মানিত করার আন্তরিক প্রচেষ্টা করা হয়।
সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের মাঝে গান,নাচ , কবিতা এবং শ্রদ্ধেয় কৃতিব্যক্তিদের নিজ নিজ কর্মকাণ্ডের সংক্ষিপ্ত কথোপকথন আমাদের মুগ্ধ করে। বিখ্যাত গবেষক রমেন্দ্রলাল মুখার্জিসহ একাধিক সম্মানীয় অতিথিদের উপস্থিতি সমগ্র অনুষ্ঠানের উজ্জ্বলতা বৃদ্ধি করেছে। আগামী দিনে আরো বৃহৎ আকারে মানুষের পাশে থাকার জন্য মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট অঙ্গীকারবদ্ধ।

