জেলা 

মুহা সেলিমের দাবিকেই মান্যতা দিয়ে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশ মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: গত কাল দাবি জানিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মুহা সেলিম। তিনি বলেছিলেন, অবিলম্বে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। এই দাবিতে সিপিআইএম পথে নামবে। এর ২৪ ঘণ্টার মধ্যে বগটুইয়ে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী ১০ দিন রাজ্যজুড়ে চলবে বিশেষ অভিযান। পুলিশি অভিযান চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উদ্ধার করা হবে বেআইনি অস্ত্র। সূত্রের খবর, ইতিমধ্যে জেলা পুলিশ সুপারদের এই অভিযানের নির্দেশ দিয়েছেন ডিজিপি।এদিন মূখ্যমন্ত্রী বলেন,’আর কোনও রকম অশান্তি বরদাস্ত করবে না রাজ্য।’

বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “রামপুরহাটের এসডিপিও, আইসি, ডিআইবি তাঁদের দায়িত্ব পালন করেনি। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে।” তিনি আরও বলেন, “সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত। যাঁরা জেনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

Advertisement

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছিল। এমনকী, একাধিক খুনের খবরও সামনে এসেছে। যার জেরে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বললেন, “আর কোনও রকম অশান্তি বরদাস্ত করব না। কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে। যাঁরা পারবেন না তাঁদের পুলিশে থাকার প্রয়োজন নেই।”

জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের ডিজি মনোজ মালব্য জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন। যেখানে আগামী ১০ দিন রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বোমা, বন্দুক-সহ বেআইনি অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই চলবে অভিযান। জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকরাও।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ