দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কনভয়
বাংলার জনরব ডেস্ক: মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো খাদ্যমন্ত্রীর কনভয়। খাদ্য মন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) গাড়িতে ধাক্কা লাগে অন্য গাড়ির। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মন্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যানচলাচল।
বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে ছিলেন মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, এদিন দুপুরে কনভয় নিয়ে সেখানেই যাচ্ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ভিআইপি রোডের রঘুনাথপুর এলাকায় আচমকা তাঁর পাইলটকারে পিছন থেকে ধাক্কা দেয় একটি গাড়ি। যার ফলে পরপর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান মন্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করেছে বলেই খবর।


