তোলাবাজি রুখতে সীমান্ত এলাকায় ট্রাক টার্মিনাসের দায়িত্ব নেবে পরিবহণ দপ্তর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাংলার জনরব ডেস্ক: সীমান্ত এলাকায় তোলাবাজের দৌরাত্ম্যে সরব ছিলেন ট্রাক মালিকরা। এবার এই বিষয়েই ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সীমান্তে ট্রাক টার্মিনাসে টাকার নয়ছয়ের অভিযোগে সরব তিনি। এসব আর বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ।
আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠকে ট্রাক টার্মিনাসে দালালচক্রের অভিযোগ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “ট্রাক টার্মিনাসে দালালচক্র চলছে। প্রাইভেটের নাম করে ‘করে খাওয়া’ হচ্ছে। সীমান্তে ট্রাক টার্মিনাসে টাকার নয়ছয় হচ্ছে। ট্রাক টার্মিনাসে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনও সুবিধা হচ্ছে না। এসব আর চলবে না।” আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাসের দায়িত্ব পরিবহণ দপ্তর নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

