দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নীচ থেকে ফোন অন্তঃসত্ত্বার! বাঁচানোর আর্তি, জলও চান, হাসপাতালে মৃত্যু
দিল্লির সীমাপুরী এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত আট জন। মৃতদের মধ্যে চার মাসের এক অন্তঃসত্ত্বা গুলফসা ছিলেন। তিনি বাপের বাড়িতে এসেছিলেন। যে বাড়িটি ভেঙে পড়ে বুধবার, সেটির দোতলায় থাকত গুলফসার পরিবার। বাড়ির যে অংশ ভেঙে পড়ে, সে দিকেই ছিল গুলফসাদের ঘর। ঘটনার সময় তিনি বাথরুমে ছিলেন।
জানা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকেই। তাঁর মধ্যে ছিলেন গুলফসাও। বাড়িভাঙার পরই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজ যখন চলছিল সেই সময় এক আত্মীয়কে ফোন করে গুলফসা জানান তিনি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। আতঙ্কিত পরিজনেরা উদ্ধারকারীদের সেই কথা জানান। গুলফসার কাকা সেলিম জানিয়েছেন, উদ্ধারকারীরা কংক্রিটের চাঙড় সরিয়ে গুলফসাকে উদ্ধার করেন। তার পর তিনি জল খেতে চান।
ধ্বংসস্তূপের নীচে দীর্ঘ ক্ষণ আটকে ছিলেন গুলফসা। উদ্ধারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। গত দেড় মাস ধরে বাপের বাড়িতে ছিলেন গুলফসা। তাঁর পাঁচ বছরের এক সন্তানও রয়েছে। গুলফসার সঙ্গে তাঁর মা এবং ছেলে এবং পরিবারের আরও এক সদস্য ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ছিলেন। তাঁদের তিন জনকে দ্রুত উদ্ধার করা গেলেও গুলফসার খোঁজ মিলছিল না। তিনি দীর্ঘ ক্ষণ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকেন। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

